মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে নির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান রোববার বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নির্বাচিত প্রার্থীদের মধ্যে শপথ বাক্য পাঠ করান। এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শহর সমাজ সেবা অফিসার আবু মুসা, সহকারি নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্স, সাংবাদিক,বণিক সমিতির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাগুরা জেলা বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মুন্সি হুমায়ুন কবির রাজা বলেন, দীর্ঘ ২৩ বছর পর অত্যন্ত সফলতার সাথে গত ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে এ নির্বাচনে বণিক সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষে নির্বাচনের ফলাফল তারা মেনে নিয়েছেন। আমি এজন্য নির্বাচন কমিশনার কে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বণিক সমিতির উন্নয়ন , অগ্রগতি, সমৃদ্ধির জন্য একসাথে সমিতির সদস্যরা কাজ করব। আগামী দিনগুলো আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। চ্যালেঞ্জ মোকাবেলায় করে নবনির্বাচিত কমিটি সফল হবে বলে আমার ধারষা।