নিজস্ব প্রতিবেদক : ‘হৃদয়কে ভালোবাসুন, হৃদয়কে সুস্থ রাখুন’ এমন সচেতনতামূলক বার্তা নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে হাসপাতালের চিকিৎসক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র?্যালিতে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত। এ সময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন), সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবিব, সহযোগী অধ্যাপক ডা. গৌতম কুমার আচার্য্য, কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মুসফিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসান কবির বাপ্পী প্রমুখ। দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। হৃদযন্ত্র সুস্থ রাখতে ধূমপান ও তামাকজাতীয় পণ্য বর্জন, নিয়মিত ব্যায়াম ও হাঁটা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, খাবারে লবণ, চিনি ও অতিরিক্ত চর্বির পরিমাণ কমাতে হবে। নিয়মিত শাকসবজি ও ফলমূল খাওয়ার পাশাপাশি রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। একই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। বক্তারা জানান, বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা হঠাৎ দুর্বলতার মতো সতর্কতামূলক লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হৃদরোগ প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।