সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলার ডোংগাঘাটা বেলতলা সার্বজনীন পূজামন্দিরে শারদীয় দুর্গোৎসবের রজতজয়ন্তী-২০২৬ উপলক্ষে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ডোংগাঘাটা বেলতলা সার্বজনীন পূজামন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে মানবিক চিকিৎসাসেবা, শিক্ষা, ক্রীড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবদানের জন্য গুণীজনদের সম্মাননা জানানো হয়। এ সময় প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদেরও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সিদ্ধার্থ বসু। সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন ইএনটি বিশেষজ্ঞ ও এফসিপিএস ডিগ্রিধারী চিকিৎসক উৎপল সরকার, মানবিক চিকিৎসক অনুপ কুমার বসু, প্রয়াত মানবিক চিকিৎসক কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু মুকুন্দ কুন্ডু মুরারী, কৃতী ফুটবল খেলোয়াড় নারায়ণ চন্দ্র কুণ্ডু, কৃতী খেলোয়াড় লিমা খাতুন, মন্দিরের জমিদাতা সৌরভ বসু এবং সাবেক প্রধান শিক্ষক ইসলাম দফাদার। তাঁদের মধ্যে প্রয়াত ব্যক্তিদের মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।