বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট পুলিশ লাইন চত্বরে জেলা পুলিশ আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম এ সমাবেশে সভাপতিত্ব করেন। রোববার এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। এ সমাবেশে তিনি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পুলিশের সকল ভাল কাজে জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন- মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে গত ২ মাসে ২৭ জন পুলিশকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা শুদ্ধি অভিযান শুরু করেছি। আগে নিজেদের ঘর পরিস্কার করছি। অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশ ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। এবারে দুর্গাপূজা উদযাপনে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ কৃতিত্ব পুলিশের একার নয়। সরকার এবং সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় এবার শান্তিপুর্ণ ভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। জনগণের অধিকতর সহযোগিতা পাওয়ার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে পুনর্গঠিত করা হচ্ছে। এ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা রেঞ্জের ডিআইজি বেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বক্তৃতা করেন বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিসেস পাভীন আক্তার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনু, হিন্দ বৌদ্ধ, খৃস্টান ঐক্য ফ্রন্টের বাগেরহাট জেলার সভাপতি প্রদীপ কুমার সন্তু প্রমুখ।