কেশবপুর (পৌর) প্রতিনিধি : কেশবপুরে আল-আমিন মডেল একাডেমির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আল-আমিন মডেল একাডেমি ২০২৫ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত উন্মুক্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ প্রদান উপলক্ষে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠান একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর আল-আমিন মডেল একাডেমির পরিচালক মো. আব্দুল গফুর গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুন্ড, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সুমন, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন কৃতি শিক্ষার্থী মোট ৮৪ জন শিক্ষার্থীর হাতে ওই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির প্রধান শিক্ষক সুমন কুমার দাস।