নিজস্ব প্রতিবেদক : রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে ছোট পরিসরে মাছ বিক্রি করে চলে সংসার। অথচ একের পর এক হয়রানি ও মামলার আসামি হতে হচ্ছে যশোরের চাঁচড়া রায়পাড়ার মাছ ব্যবসায়ী জহিরুল ইসলাম তানভীরের। সর্বশেষ ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকেও আসামি করা হয়েছে। অথচ ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তানভীর ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রেসক্লাব যশোরের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তার স্ত্রী মোছা. রানী বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকে তার স্বামী নানা হয়রানির শিকার হচ্ছেন। ওই সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে বাড়ির সামনে থেকে আটক করে মারধর করেন। পরে থানায় নেওয়া হলেও অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি জানান, গত ১৪ অক্টোবর পুকুরপাড়ে হাঁটার সময় গর্তে পা পড়ে তার স্বামীর ডান হাঁটুর পেছনের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকিৎসার জন্য প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন। কিন্তু মাছের ব্যবসার সামান্য আয় দিয়ে সংসার চালানোই তার কঠিন হয়ে পড়েছে। তানভীর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মা অসুস্থ, বাবাও নির্যাতনের শিকার হয়েছেন। দুই সন্তানের লেখাপড়া, নিজের চিকিৎসা ও পরিবারের ভরণপোষণ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা চেয়েও কোনো সমাধান পাননি। তিনি আরও বলেন, যে ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে ঠিকমতো হাঁটতেই পারেন না, তিনি কীভাবে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকবেন? তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, ককটেল বিস্ফোরণ মামলায় তানভীরের সম্পৃক্ততা যাচাই, চিকিৎসার বিষয়টি বিবেচনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন তানভীরের মা জেসমিন সুলতানা, চাচী রেখা বেগম, খালা অহিদা বেগম, লামিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।