নিজস্ব প্রতিবেদক : খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের যশোর সফর উপলক্ষে বিশেষ কল্যাণ সভা, বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে পুলিশ সদস্যদের কল্যাণ, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় উঠে আসে। সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভায় পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। এ সময় কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অন্য সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। বক্তব্যে ডিআইজি সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষা এবং জনসেবা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। রেঞ্জ ডিআইজির নেতৃত্ব ও দিকনির্দেশনায় এ কার্যক্রম আরও গতিশীল রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কল্যাণ সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম। বিকেলে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন ডিআইজি মো. রেজাউল করিম। পরে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। একই স্থানে যশোর জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, প্রতিরোধমূলক কার্যক্রম ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।