নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় আদালতের ১৪৪ ধারা জারির পরই এক বিধবা নারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষ আলমগীর হোসেনের নির্দেশে ভাড়াটে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়ির সীমানাপ্রাচীর ও লোহার গেট ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পারভীন খাতুন। তিনি চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। হামলা ও ভাঙচুরের পর নাবালক সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় চরম শঙ্কায় রয়েছেন তিনি। ভুক্তভোগী পারভীনের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুল আজিজের ছেলে আলমগীর হোসেন গংয়ের সঙ্গে বিরোধ চলে আসছে। স্বামীর মৃত্যুর পর নাবালক সন্তানকে নিয়ে বসবাস করা পারভীনের বসতভিটার জমি দখলের চেষ্টা করছেন তারা। আদালতে করা আবেদনের বিবরণ অনুযায়ী, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর চৌগাছা সাব-রেজিস্ট্রি অফিসের ৩১৩৪ নম্বর দলিলের মাধ্যমে পারভীনের স্বামী ও দেবর রুস্তমপুর মৌজার আরএস ৪১ নম্বর খতিয়ানের ৯১৬ নম্বর দাগে ১০ শতক জমি কেনেন। এরপর সেখানে বসতবাড়ি নির্মাণ, সীমানাপ্রাচীর তৈরি ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে ২০ বছরের বেশি সময় ধরে ভোগদখল করে আসছেন বলে দাবি বাদীপক্ষের। আদালতে দায়ের করা আবেদনে পারভীন উল্লেখ করেন, গত ৬ নভেম্বর বিকেল ৫টার দিকে আলমগীরসহ কয়েকজন অপরিচিত ব্যক্তি তার বাড়িতে গিয়ে জমি ছেড়ে দেওয়ার হুমকি দেন। পরদিন ৭ নভেম্বর সকাল ৯টার দিকে আলমগীর আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে জমিতে প্রবেশ করে সীমানাপ্রাচীর ভাঙচুর ও জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে যাওয়ার সময় বিবাদীরা পুনরায় জমি দখল, গাছপালা কেটে ফেলা ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ১২ নভেম্বর চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পারভীন। জিডি নম্বর ৬১৩। এতে আলমগীর হোসেন, তার বাবা আজিজ ও স্ত্রী রিক্তা খাতুনকে বিবাদী করা হয়। জিডিতে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগও উল্লেখ করা হয়। পরে ১৩ নভেম্বর চৌগাছা থানার এসআই বেলাল হোসেন জিডিতে উল্লেখিত ঘটনাকে অধর্তব্য অপরাধ হিসেবে উল্লেখ করে তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। পাশাপাশি জমির দখল ও শান্তিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিকার চেয়ে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন পারভীন। ১৬ নভেম্বর আদালত বিরোধপূর্ণ জমির বর্তমান দখলদারকে, কতদিন ধরে দখলে রয়েছেন এবং জমি নিয়ে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে কিনা তা সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের নির্দেশনায় জমিটি সরেজমিন তদন্ত করা হয়। পরবর্তী সময়ে বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু ১৪৪ ধারা জারির পরের দিন মঙ্গলবার বাড়ির সীমানাপ্রাচীর ও গেট ভাঙচুরের অভিযোগ উঠেছে। পারভীনের দাবি, আলমগীর হোসেনের নির্দেশে বাইরে থেকে ভাড়াটে লোকজন এনে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জমি নিয়ে বিরোধের প্রতিকার চেয়ে থানা ও আদালতের দ্বারস্থ হওয়ার পরও বসতভিটা রক্ষা করতে না পারায় উদ্বিগ্ন তিনি। ভুক্তভোগী পারভিন খাতুন জানান, হামলা ও ভাংচুরের পর থেকে নাবালক সন্তানকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোন সময় ফের হামলার আশঙ্কা করছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পারভীন। এই বিষয়ে জানতে আলমগীর হোসেনের মুঠোফোনে কল করা হলে রিসিভ করে তার স্ত্রী রিক্তা খাতুন জানান, তাদের জমি দখল করে পারভীন বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। ফলে তারাসহ আশেপাশের লোকজনের চলাচলের সমস্যা হচ্ছে। যে কারণে ওই প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে। চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম শিকদার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে পারভীনের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন বলে জানতে পেরেছেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।