যবিপ্রবি প্রতিনিধি : পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আরও ১৩ টি নতুন ক্লাবকে কার্যক্রম চালানোর জন্য অনুমোদন দেয়া হয়েছে। এতে যবিপ্রবিতে নিবন্ধিত ও সক্রিয় ক্লাবের সংখ্যা দাঁড়ালো ৩৮ টি। রোববার শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে এই ক্লাবগুলোর অনুমোদন দেয়া হয়। নতুন ক্লাবের আবেদনের প্রেক্ষিতে গত এক বছরে ক্লাবগুলোর কার্যক্রম, অর্থনৈতিক হিসাব, কমিটি গঠনের প্রক্রিয়া এবং গঠনতন্ত্র পর্যালোচনা করে ক্লাবগুলো অনুমোদনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক্লাবগুলোর মধ্যে সাতটি কেন্দ্রীয় ক্লাব এবং ছয়টি বিভাগ ভিত্তিক ক্লাব। কেন্দ্রীয় সাতটি ক্লাবগুলোর মধ্যে রয়েছে উন্নত মমশির, যবিপ্রবি; ইসলামিক কালচারাল সোসাইটি; ইসলামিক নলেজ সিকার সোসাইটি; এন্টি ড্রাগ সোসাইটি অফ জাস্ট; জাস্ট রিসার্চ সোসাইটি; প্রবাহ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন; জাস্ট স্পোর্টস ক্লাব। এছাড়া বিভাগ ভিত্তিক ক্লাবের মধ্যে রয়েছে ইইই ক্লাব, পিএমই ক্লাব, পিইএসএস ক্লাব, যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব, নাসিং অ্যান্ড হেলথ সায়েন্স ক্লাব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব।