নিজস্ব প্রতিবেদক : যশোরের হামিদপুর আলহেরা কলেজ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ, রচনা ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং যশোর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম (যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড) মুক্তিযুদ্ধের স্মৃতিময় প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি নতুন প্রজন্মের সামনে স্বাধীনতার সঠিক ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা তুলে ধরেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী, হাবিবুর রহমান, শামসুর রহমান তুহিন এবং রহমত হোসেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।