Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত আমীরসহ আটক ৫

এখন সময়: বুধবার, ৪ মার্চ , ২০২৬, ০৮:০১:৩০ পিএম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালে প্রচারণা ও কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীরসহ ৫ জন নেতা-কর্মীকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে পুলিশ ও প্রশাসন এই আটকের বিষয়টি নিশ্চিত করে।
আটককৃতরা হলেন- মহম্মদপুর সদর ইউনিয়নের আমীর হুসাইন আহম্মেদ কাবুল, ৬নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ। তারা মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এমবি বাকরের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে রোগীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন।
হাসপাতালে চিকিৎসাধীন বালিদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলী আকবার মোল্যাকে কম্বল দিয়ে ভোট চাইতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে আলী আকবারের সাথে ওই জামায়াত নেতাদের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হলে হাসপাতালের পরিবেশ অশান্ত হয়ে ওঠে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহনুর জামান এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান দ্রুত হাসপাতালে উপস্থিত হন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ইউএনও’র নির্দেশে পুলিশ ওই ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
থানা অফিসান ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, নির্বাচনী আইন ভঙ্গের দায়ে তাদের আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)