জসিম উদ্দিন, রাজগঞ্জ : মালয়েশিয়ার পেনাং শহরে কর্মরত অবস্থায় যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের দশআনী গ্রামের প্রবাসী যুবক আলমগীর হোসেন (২৪) মারা গেছেন। পরিবারের স্বপ্ন পূরণ ও আর্থিক স্বচ্ছলতা ফেরাতে কয়েক বছর আগে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে কর্মরত অবস্থায় হঠাৎ তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে হারানোর বেদনায় পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মালয়েশিয়ার পেনাং শহরে তার নিজ কক্ষ থেকে আলমগীর হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এদিকে আলমগীরের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে পরিবারের সদস্যরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে মরদেহ কবে দেশে পৌঁছাবে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শোকার্ত পরিবার শেষবারের মতো প্রিয় সন্তানের মুখ দেখার অপেক্ষায় দিন গুনছে। আলমগীরের অকাল মৃত্যুতে দশআনী গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।