নিজস্ব প্রতিবেদক : যশোরে আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন,কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার প্রেসক্লাব যশোরের আর এম সাইফুল আলম মিলনায়তনে এই আয়োজন উপভোগ করে অসংখ্য নজরুল প্রেমী।
“প্রার্থনা কর যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ” এই শ্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বীর মুক্তিযোদ্ধা শরীফ শাহ্ দেওয়ান, তালবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ কবি শাহনাজ পারভীন, আনিসুজ্জামান পিন্টু ও প্রতিষ্ঠানটির সাহিত্য বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক কবি পদ্মনাভ অধিকারী।
প্রতিষ্ঠানটির সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে উন্মোচন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক। সবশেষে আবৃত্তি, নৃত্য ও সংগীত অনুষ্ঠান। কবি নজরুল ইসলামের লেখা কবিতা ও সংগীত পরিবেশন করে প্রতিষ্ঠানটির নিজস্ব শিল্পীবৃন্দ।