ফরহাদ খান, নড়াইল : নড়াইলে দুই টাকায় ঈদের নতুন পোশাক পেয়েছে ১০০ শিশু-কিশোর। ঈদের আগে নতুন পোশাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের পরিবারের শিশু-কিশোররা। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নড়াইল শহরের রুপগঞ্জ বাজারে মুস্তারী কমপ্লেক্সে দুই টাকায় পছন্দ মতো নতুন পোশাক কেনার সুযোগ পায় উপকারভোগীরা। অভিভাবকদের হাত ধরে মার্কেটে এসে পছন্দ মতো বাহারি রঙের পোশাক কিনে নেয় সবাই। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন একেবারেই নামমাত্র মূল্যে নতুন পোশাক বিক্রির উদ্যোগ নেয়। ১০০ জনের জন্য তারা এই আয়োজন করে। খবর পেয়ে অনেক ক্রেতা আসলেও ১০০ জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয় দুই টাকার পোশাক বিক্রির স্টল। এ আয়োজনে খুশি ক্রেতারা। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন স্বল্প আয়ের মানুষের জন্য এ ধরণের উদ্যোগ আরো সৃষ্টি করবে বলে উপকারভোগীরা প্রত্যাশা করেন। এ ব্যাপারে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের সংগঠনের আত্মপ্রকাশ হয়। প্রতিষ্ঠার পর থেকেই ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এ ধরণের ব্যতিক্রমী আয়োজন করে আসছি আমরা। এছাড়া সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছি। পারিবারিক সহযোগিতা এবং পড়ালেখার খরচ থেকে টাকা জমিয়ে সংগঠনের ৪৫ জন সদস্য সবসময় মানবিক কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা সোহেল মুস্তারী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সদস্য অনিক হাসান, সৌরভ, সাকিব মোল্যা, চৈতী চক্রবর্তী, লিজা, সৈয়দ পিয়াসসহ অনেকে।