অভয়নগর (যশোর) প্রতিনিধি : নির্বাচন-পরবর্তী সৌহার্দ্য, সম্প্রীতি ও জনসম্পৃক্ততা জোরদার করতে যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর ও প্রাণবন্ত আবহ সৃষ্টি হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনি শ্রীধরপুর ইউনিয়নের ঘোষপাড়া বটতলা, দিয়াপাড়া নতুন বাজার, শংকরপাশা শাহীনপাড়া ও খেয়াঘাট; বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া, নিমতলা, সিঙ্গাড়ী বাজার ও মরিচা; শুভরাড়া ইউনিয়নের নেবুগাতী, ধলুর চার রাস্তার মোড় ও বাশুয়াড়ী দিঘীর পাড়; এবং সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি ও সোনাতলা বাজারসহ বিভিন্ন স্থানে উপস্থিত জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিটি স্থানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। শুভেচ্ছা বিনিময়কে ঘিরে প্রতিটি এলাকায় ছিল আনন্দঘন পরিবেশ ও জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, রাজনৈতিক ভিন্নমতকে সম্মান জানিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে তিনি দলীয় সীমারেখার বাইরে গিয়ে সর্বসাধারণের প্রতিনিধি হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে তার সমর্থক বা ভোটারদের উদ্দেশে কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি প্রদান থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা শাখার সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, প্রচার ও মিডিয়া সম্পাদক শরীফ বেলাল হোসেন; অভয়নগর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জাকারিয়া হুসাইন; বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মতিয়ার রহমান; উপজেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ আব্দুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে আরও অংশ নেন শ্রীধরপুর ইউনিয়ন আমীর মাওলানা জালাল উদ্দীন, বাঘুটিয়া ইউনিয়ন আমীর মো. সিরাজুল ইসলাম, শুভরাড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সাত্তার এবং সিদ্ধিপাশা ইউনিয়ন আমীর মাওলানা আ. রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।