খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘হিট এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ শীর্ষক দ্বিতীয় পর্যায়ের কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি হিট প্রকল্পের প্রস্তাবনা প্রণয়নে উদ্ভূত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে অংশগ্রহণকারীদের মতামত শোনেন এবং সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন। প্রস্তাবনা তৈরিতে প্রাসঙ্গিকতা, বাস্তবসম্মত পরিকল্পনা এবং ফলাফলভিত্তিক উপস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও সেশন পরিচালনা করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট), একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) এবং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল (এসপিপি) সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।