জীবননগর প্রতিনিধি: জীবননগর উপজেলার বাঁকা গ্রামে বর্গা জমিতে চাষ করা কলার কাঁদি কেটে নেয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বিএনপি কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ইটের আঘাতে তার কানের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর জখম হন তিনি। আহত বিএনপি কর্মীর নাম আসরাফুল ইসলাম ওরফে আরসাফ। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বর্গা জমিতে চাষ করা কলা কেটে নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা রিপন মোল্লা ও আরসাফের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরদিন সকালে বিষয়টি নিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বাঁকা গ্রামে আনারের দোকানের সামনে বিএনপির কার্যালয়ে বসে থাকা অবস্থায় রিপন মোল্লার ছোট ভাই সুজন মোল্লা হঠাৎ আরসাফের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় ইট দিয়ে তার মাথা ও কানে আঘাত করলে কানের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আহত আরসাফকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কানের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আরসাফ জীবননগর থানায় সুজন মোল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত আসরাফুল ইসলাম বলেন, “আমি বিএনপির অফিসে বসে ছিলাম। হঠাৎ সুজন এসে কোনো কথা না বলেই আমার ওপর হামলা চালায়। ইট দিয়ে মাথা ও কানে আঘাত করলে আমার কানের একটি অংশ কেটে যায়। আমি এর সঠিক বিচার চাই।”এ বিষয়ে জীবননগর থানা-পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।