বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে ব্যতিক্রমী এক উদ্যোগের সূচনা করেছেন নবনির্বাচিত এমপি গোলাম রসুল। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি যশোর জেলা শাখার আমির এবং যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তার ঘোষিত গ্রীন ক্লিন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী এলাকার গ্রাম ও শহরকে সমান গুরুত্ব দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় সমর্থকেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য গোলাম রসুল বলেন-উন্নয়নের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যের কোনো সুযোগ থাকবে না। আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাই তাঁর অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, একটি এলাকার সার্বিক উন্নয়ন তখনই সম্ভব, যখন নাগরিকরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা ও পরিবেশ দূষণের প্রবণতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সংসদ সদস্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ কর্মসূচি কেবল প্রশাসনিক উদ্যোগ নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। সম্মিলিত প্রচেষ্টাই পারে যশোর-৪ আসনকে পরিচ্ছন্ন ও সবুজ মডেল জনপদে পরিণত করতে।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, গ্রীন ক্লিন কর্মসূচি পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিকভাবে বিস্তৃত করা হবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে সচেতনতামূলক প্রচার কার্যক্রমও পরিচালিত হবে।