Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা : ইরানে ৫৩ শিক্ষার্থীসহ অন্তত ৭০ নিহত

এখন সময়: রবিবার, ১ মার্চ , ২০২৬, ১২:২০:৫০ এম

স্পন্দন ডেস্ক : ইরানের দক্ষিণের হরমোজগান প্রদেশের মিনাব ও জাস্ক শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ৫৩ শিক্ষার্থীসহ অন্তত ৭০ জনের প্রাণ গেছে। হরমোজগান হোর্মোজগান মেডিকেল সায়েন্সের প্রধানের বক্তব্যে একথা জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স। হামলায় ৯০ জনের বেশি আহত হয়েছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে লিখেছেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের মেয়েদের যে প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে, সেটি ‘বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না’। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলছে, ওই হামলায় ৫৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আরাগচি বলেন, এই হামলার শিকার সবাই ‘নিষ্পাপ শিশু।’

বেঁচে আছেন খামেনি:

পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও রেভলুশন গার্ডের প্রধানসহ কারো কারো মৃত্যুর খবর ছড়ালেও দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি। আলজাজিরা লিখেছে, আরগাচি এনবিসি নিউজকে বলেছেন, “আলী খামেনি বেঁচে আছেন, যতদূর আমি জানি।” আরগাচি আরও বলেন, একজন বা দুজন কমান্ডার নিহত হলেও বেশিরভাগ কর্মকর্তা জীবিতই আছেন। ট্রাম্প ইরানের শাসন পরিবর্তনের যে বার্তা দিয়েছেন তা ‘অসম্ভব’ মন্তব্য করে তিনি বলেন, কোনো আলোচনার আগে হামলা থামাতে হবে।

ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২০টিরও বেশি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানি রেড ক্রিসেন্টের মুখপাত্র মুজতবা খালেদি জানিয়েছেন যে- ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টি প্রদেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নাগরিকদের হামলাস্থলগুলো থেকে দূরে থাকার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো শুরু করে। ইরানের শুধু হরমোজগান প্রদেশেই পৃথক দুটি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।

এদিকে ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন- এমন জল্পনার মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্তব্য করেছেন, ‘আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি খুব বড় সমস্যা নয়।’ এনবিসি নিউজের এক প্রতিবেদকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় তেহরানসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এতে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে আঘাত করার চেষ্টা করা হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন। এর আগে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। একই দিনে রাজধানী তেহরানের পূর্বদিকে আরেকটি স্কুলেও হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, মিনাবের স্কুলটিতে হামলার পর নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যায়, পরে তা ৫০–এর বেশি বলে নিশ্চিত করা হয়। ঘটনাস্থলের ভিডিও ও ছবি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।

অন্যদিকে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে আরেকটি স্কুলে হামলায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছেন বলে মেহর বার্তা সংস্থা জানিয়েছে। ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা থামাতে বলল জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানি হামলার নিন্দা করেছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। দেশগুলো বলেছে, ইরানকে অবশ্যই নির্বিচার সামরিক হামলা থেকে বিরত থাকতে হবে এবং ফের আলোচনা শুরু করতে হবে।

শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক যৌথ বিবৃতিতে বলেছেন, “ওই অঞ্চলের দেশগুলোতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাই আমরা। “আমরা ইরানি নেতৃবৃন্দকে আলোচনা ফের শুরু করার এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করার আহ্বান জানাই। ইরানি জনগণকে অবশ্যই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ দিতে হবে।” রিয়াদে, পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে ইরান, জানাল সৌদি আরব ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “কোনো অজুহাত বা কোনোভাবে এই আক্রমণগুলোকে নায্যতা দেওয়া যায় না। আর ইরানি কর্তৃপক্ষ জানে যে সৌদি আরব নিশ্চিত করেছিল, ইরানে হামলা চালাতে তাদের আকাশপথ ও ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না, তা সত্ত্বেও এসব হামলা চালানো হলো।” সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ ও পূর্বাঞ্চলে চালানো সব হামলা প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয়টি আরও বলেছে, “সৌদি আরব নিশ্চিত করছে যে নিরাপত্তা রক্ষা এবং অঞ্চল, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে তারা, এরমধ্যে অন্যায্য আগ্রাসনের জবাব দেওয়ার বিকল্পও অন্তর্ভুক্ত থাকবে।” সামাজিক মাধ্যম এক্স এ শেয়ার করা ভিডিও ফুটেজে রিয়াদের বাদশা ফাহাদ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ওঠা ধোঁয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক ব্যাপক যৌথ হামলা চালানোর পর মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ইরানের পাল্টা হামলার মুখে পড়েছে। শনিবার ইরান সরকার নিশ্চিত করেছে যে তারা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্সের খবর অনুযায়ী, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মার্কিন বিমান ঘাঁটি ও অন্যান্য সামরিক রসদ আছে এমন স্থানগুলোতে হামলা চালানো হয়েছে। এবার সৌদি আরবও জানাল, তাদের দেশেও আক্রমণ চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মধ্যপ্রাচ্যে সকল মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যস্থলে ‘ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে শক্তিশালী’ আঘাত হানা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)