নিজস্ব প্রতিবেদক : ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় বহুলালোচিত ফারজানা ইয়াসমিন নিলার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। নিলা ঢাকা বনানীর ১৮ নম্বর রোডের বাসিন্দা মৃত এসএম ফরিদ উদ্দিনের মেয়ে ও বরিশাল সদরের বিএম কলেজ রোডের স্বর্গছোয়া কলেজপাড়ার ব্যাংক কর্মকর্তা এমএ মজিদের স্ত্রী।
মামলার অভিযোগে জানা গেছে, যশোরের এ টু জেড ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ আনিসুর রহমান খানের সাথে ব্যবসায়ীক সূত্রে আসামির পরিচয়। ২০২৪ সালে ৫ আগস্ট বিভিন্ন দেশের এলসি বন্ধ হওয়ায় আসামি নিলা এলসি খুলে দেয়ার প্রস্তাব দেন আনিসুর রহমানসহ আরও ৮ ব্যবসায়ীকে। তার প্রস্তাবে রাজি হয়ে ওই ৯ ব্যবসায়ী আসামি নিলাকে ১০ কোটি টাকা প্রদান করেন। নিলা এলসি খুলতে ব্যর্থ হয়ে তাদের দেয়া ১০ কোটি টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় আনিসুর রহমান যশোর কোতয়ালি থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। এ মামলায় নিলা ও তার প্রতিষ্ঠানের ম্যানেজারসহ ৪ জনকে আসামি করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি যশোরের পুলিশ ঢাকা থেকে নিলাকে আটক করে যশোর আদালতে সোপর্দ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই কামাল হোসেন গত ২৭ ফেব্রুয়ারি আসামি নিলার ৫ দিন রিমান্ড চেয়ে আদালতের আবেদন করেন। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আসামি নিলার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।