নিজস্ব প্রতিবেদক: একই মঞ্চে সম্প্রীতির অভয়নগর গড়ার অঙ্গীকার করেন যশোর ৪ আসনের বর্তমান সংসদ সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। ৯ মার্চ সোমবার ইয়ুথ কমিউনিকেটর টিম এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত একটি শান্তি ও সম্প্রীতি বিষয়ক পিস ইভেন্ট এ যশোর–-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিরা একই মঞ্চে উপস্থিত হয়ে সম্প্রীতির অভয়নগর গড়ে তোলার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল, গত সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত প্রার্থী এবং অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির সরদার শরীফ হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক কাজি গোলাম হায়দার ডাব্লু , পৌর বিএনপি’র সভাপতি আবু নঈম মোড়ল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, ছাত্র প্রতিনিধি এবং পিএফজি সদস্যবৃন্দ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ইয়ুথ একটিভিস্ট মুহিবুল্লাহিল মাহিদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-এর আঞ্চলিক সমন্বয়কারী জনাব খোরশেদ আলম এবং জেলা সমন্বয়কারী মোঃ গিয়াস উদ্দিন।