Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভোজ্যতেলের দাম বাড়বে না, মজুত পর্যাপ্ত : বাণিজ্যমন্ত্রী

এখন সময়: বুধবার, ২৫ মার্চ , ২০২৬, ১২:০৭:০৪ এম

স্পন্দন ডেস্ক: বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তেলের দাম বাড়বে না। সোমবার ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন- সাম্প্রতিক সময়ে বাজারে যে সংকটের কথা শোনা যাচ্ছে, তার মূল কারণ কিছু ভোক্তার আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করা। এতে সাময়িকভাবে কিছু এলাকায় সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে। তিনি জানান, গত কয়েক দিনে বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা প্রতি লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক করা হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন-কোথাও কোথাও ভোক্তারা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে তেল কিনে নেওয়ায় কিছু দোকানে সাময়িকভাবে মজুত শেষ হয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন- রাজধানীর একটি বাজারে গিয়ে তিনি দেখেছেন রাস্তার পাশের বড় দোকানগুলোতে পর্যাপ্ত ভোজ্যতেল রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত মজুত রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। ভোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন- আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কোনো প্রয়োজন নেই। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকায় অযথা প্রতিযোগিতা তৈরি করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন- জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই ঘাটতি নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। জেলা প্রশাসনও প্রয়োজন অনুযায়ী অভিযান চালাবে। তেলের দাম বাড়ার কোনো আশঙ্কা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের দাম একফোঁটাও বাড়বে না। ভোক্তারা নিশ্চিন্তে বাজার করতে পারেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)