পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় অপহরণের ১৮ দিন পার হলেও অপহরণের শিকার এক স্কুলছাত্রীকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা প্রশান্ত কুমার মণ্ডল পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে ঘটনাটিকে কেন্দ্র করে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে, মামলা নং-৭/২।
অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটি এলাকার বাসিন্দা প্রশান্ত কুমার মণ্ডলের কন্যা সুচনা মণ্ডল (১৬) পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। গত ২১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টার দিকে সে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনে পিচঢালা রাস্তায় বের হয়। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত মান্না ও এশা মোটরসাইকেলে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।
সন্ধ্যার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মেয়ের পিতা প্রশান্ত কুমার মণ্ডল বিষয়টি অভিযুক্ত মান্না ও এশার পিতা আফসার ও হালিমকে অবহিত করেন। এ সময় তারা মেয়েটিকে ফিরিয়ে দেয়ার আশ্বাস দিলেও পরে নানা অজুহাতে টালবাহানা করে তাকে আর ফিরিয়ে দেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে পৌর এলাকার মান্না, তার পিতা আফসার, এশা ও তার পিতা হালিমের নাম উল্লেখ করা হয়েছে।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানান, মেয়েটিকে উদ্ধারের জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি দ্রুতই তাদেরকে উদ্ধার করতে সক্ষম হবো।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, শিক্ষার্থীকে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।