ফরহাদ খান, নড়াইল : মানহীন, ভেজাল, নকল ও অনিরাপদ পণ্য উৎপাদন, আমদানি এবং বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি, মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উপলক্ষে রোববার (১৫ মার্চ) দুপুরে নড়াইল জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।
মানববন্ধনে পণ্যের সঠিকমূল্য, উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে প্রদর্শন করার দাবি তুলে ধরা হয়। এছাড়া পণ্যের ভুয়া বিজ্ঞাপন ও প্রতারণামূলক প্রচারণা বন্ধে কঠোর নজরদারি করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো শক্তিশালী ও সম্প্রসারণ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর কার্যকর ও যুগোপযোগী করার জন্য দ্রুত সংশোধন করতে হবে। অনলাইন ও ই-কমার্স প্লাটফর্মে বিক্রিতপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ‘জাতীয় ডিজিটাল কমার্স পলিসি-২০২০ সংশোধিত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ এর কার্যকর বাস্তবায়ন করতে হবে।
এদিকে, জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, ক্যাবের সহ-সভাপতি কোহিনুর আক্তার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, স্বপ্না রানী রায়, আসাদুর রহমান, কলেজ শিক্ষার্থী হাসিবুর রহমানসহ অনেকে।