খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটকৃতরা হলেন, স্থানীয় বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইমরান হোসেন (৪০) ও তেলীধান্যপুড়া গ্রামের আজগর আলীর ছেলে ইখলাছ হোসেন (৩৯)।
পুলিশ জানায়, গোপন খবর আসে খাজুরা বাজার শিবের মোড়ে বন্ধু মোটরসাইকেল শো-রুমের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদক বেচাকেনার জন্য অবস্থান করছেন। এমন খবরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) পিন্টু কুমার মণ্ডল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ সর্দার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় ইমরানের পকেট থেকে ১৩০ পিস ও ইখলাছের পকেট থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ ব্যবসার আড়ালে ইমরান ও ইখলাছ মাদকের কারবার করে আসছিলেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, রোববার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।