নিজস্ব প্রতিবেদক : প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় জাকির হোসেন পঞ্চায়েত নামে এক ব্যক্তির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জাকির বাগেরহাটের শরণখোলা উপজেলার বগীবন্দর এলাকার হাজী মতিয়ার রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মাগুরার কাটাখালী বাজার সংলগ্ন রাস্তার পাশে তার চারতলার একটি বিল্ডিং আছে সদরের সত্যপুর গ্রামের হারুন অর রশিদের। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর আসামি জাকির তার ওই বিল্ডিংয়ে যান এবং ছাদে লায়ন ইন্টারনেট টাওয়ার বসাবে বলে প্রস্তাব দেয়। বিনিময়ে ২০ লাখ টাকা জামানত এবং মাসিক ২০ হাজার টাকা ভাড়া দিবে বলে জানায়। তিনি প্রস্তাবে রাজি হলে ওই বছরের ২৭ ডিসেম্বর জাকিরের যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় জাহিদ হাসানের অফিসে গিয়ে কাগজপত্র জমা দেন। এ সময় জাহিদ তার ভাই ব্যাংক কর্মকর্তাকে বলে ৫০ লাখ টাকা সহজ কিস্তিতে লোন পাইয়ে দেয়ার আশ্বাস দেয় হারুন অর রশিদকে। লোন পেতে তিনি আসামি জাহিদকে জামানতের ৫ লাখ টাকা দেন। তিনি প্রথমে পাঁচ লাখ টাকা দেন জাকিরকে। এরপর বলা হয় তার চেক পাশ হয়ে গেছে তাকে দ্রুত জামানতের আরো ২০ লাখ টাকা লাগবে জানিয়ে দ্রুত দিতে বলে। হারুন অর রশিদ ৮ জানুয়ারি তার অফিসে গিয়ে ২০ লাখ টাকা দিলে আসামি জাকির তাকে সাথে করে ফুল কেনার জন্য দড়াটানায় নিয়ে আসে। এরপর তাকে একটি চায়ের দোকানে বসিয়ে রেখে আসামি জাকির পালিয়ে যায়। এরপর থেকে জাকিরকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় হারুন অর রশিদ ওই বছরের ১১ মার্চ জাকিরসহ ৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। এ ঘটনায় জড়িত থাকার জাকিরকে আটক ও ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেসে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।