Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর মুজিবসড়কে ক্রেতাকে হেনস্থার অভিযোগ, পরে থানায় মীমাংসা

এখন সময়: রবিবার, ১৫ মার্চ , ২০২৬, ১১:৪৯:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের মুজিব সড়কে এক ক্রেতাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে একটি পোশাকের দোকানের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দোকান মালিক ও সংশ্লিষ্টদের থানায় নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, রোববার বিকেলে মুজিব সড়কের ‘পাঞ্জাবি কর্নার’ নামের একটি দোকানে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা মুশফিক তার স্ত্রী ও শ্যালক ফাহিমকে নিয়ে কেনাকাটা করতে যান। এ সময় দুটি পায়জামার দাম চাওয়া হয় ১ হাজার ৩০০ টাকা। পরে মুশফিক ৭০০ টাকা দাম বলেন। দর-কষাকষির একপর্যায়ে ৭৫০ টাকায় চূড়ান্ত হয়।
অভিযোগ রয়েছে, মুশফিক ৮০০ টাকা দিলে দোকান মালিক আব্দুর রহমানের ছেলে উজ্জ্বল পুরো টাকাটাই রেখে দেন। এ নিয়ে দোকান মালিক রহমান, উজ্জ্বল ও অন্যান্য কর্মচারীদের সঙ্গে মুশফিকের বাকবিতণ্ডা শুরু হয়।
মুশফিক জানান, তিনি টাকা ফেরত চাইলে দোকান মালিকের ছেলে ও কর্মচারীরা তাকে নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকেন। তার স্ত্রীকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার কথা বললে প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ সময় তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয় বলে তিনি অভিযোগ করেন। পরে তিনি পুলিশের সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে থানায় নিয়ে যায়।
এদিকে- আশপাশের ব্যবসায়ীদের অভিযোগ, পাঞ্জাবি কর্নারের মালিক ও কর্মচারীদের ব্যবহার আগেও খারাপ ছিল। তারা শুধু ক্রেতাদের সঙ্গেই নয়, প্রতিবেশী দোকানদারদের সঙ্গেও প্রায়ই অশোভন আচরণ করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন- পুলিশ উভয় পক্ষকে থানায় নিয়ে আসে। পরে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। শেষে তারা পারস্পরিক সমঝোতায় পৌঁছায় এবং কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। বিকেলের মধ্যেই বিষয়টির মীমাংসা হয়ে যায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)