ক্রীড়া প্রতিবেদক : সাবেক হকি ও ফুটবল খেলোয়াড় যশোরের পরিচিত মুখ শামস-উল- হুদা স্টেডিয়ামের কেয়ারটেকার আব্দুল ওয়াহেদ বাবু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
বুধবার রাত সাড়ে ৯ দিকে স্টেডিয়াম পাড়াস্ত নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন পোস্টেড ক্যান্সারে ভুগছিলেন। প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য বাবুর বড় ভাই আব্দুল ওয়াহাব মুকুল মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তার ভাইয়ের ক্যান্সার জনিত কেমো সম্পন্ন হয়েছিলো। অবস্থা কিছুটা ভালো হওয়ায় বর্তমানে তিনি বাসায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হলে বাবুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। বাসায় রেখে অক্সিজেন দেয়ার ব্যবস্থা করা হয়। অবস্থা ক্রমশ খারাপ হলে রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। আব্দুল ওয়াহেদ বাবু হকি এবং ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি জেলা দলসহ ঢাকার নামিদামি ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সুনামের সাথে। কৃতি এই খেলোয়াড়ের মৃত্যুতে বিভিন্ন ক্লাব ও কর্মকর্তারা শোক জানিয়েছেন।
আব্দুল ওয়াহেদ বাবুর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ।