নিজস্ব প্রতিবেদক : বিশ্ব নাট্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শুরু হয়েছে ৩ দিনব্যাপী নাট্য উৎসব। শুক্রবার বিকেলে সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও গণনাট্যের গানের সাথে নৃত্য পরিবেশন এর মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয় এ উৎসবের। পরে নাট্যকর্মীদের অংশগ্রহণের বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নাট্য উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয়েছে চারটি নাটক। এর মধ্যে শব্দ থিয়েটারের পরিবেশনা নাটক ‘ফ্রাংকেনস্টাইন” জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়। মূল গল্প মেরী শেলির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাসউদ জামান। এছাড়া ময়দানে রওশন আলী মঞ্চে মঞ্চস্থ হয় তিনটি নাটক। এর মধ্যে শেকড় যশোরের পরিবেশনায়, সজিব বিশ্বাস নির্দেশিত এবং নিরূপ মিত্র রচিত নাটক “পাওনাগণ্ডা”, তির্যক যশোর পরিবেশিত , আলমগীর হোসেন বাবু নির্দেশিত এবং দীপংকর দাস রতন রচিত নাটক ‘উচ্চারণ বিভ্রাট’ সর্বশেষ পরিবেশিত হয় বিবর্তন যশোরের পরিবেশনায় , মানস বিশ্বাস নির্দেশিত এবং দুলেন্দ্র ভৌমিক রচিত নাটক ‘গুপ্তবিদ্যা”। এদিকে নাট্য উৎসবে নাট্যকর্মীদের উপস্থিতিতে হয়ে ওঠে উৎসবমুখর। নাট্য কর্মী আর নাট্য প্রেমীদের মিলনমেলায় পরিণত হয় ময়দানের একাংশ।