চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে প্রণোদনার সার ও বীজ এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবাইদুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাও. গিয়াস উদ্দিন, কামাল আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান, পৌর জামায়াতের আমির মাও আব্দুল খালেক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ। কৃষি অফিস জানিয়েছে, এ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে মোট ৩ হাজার ২’শ ৮০ জনকে প্রণোদনার বীজ ও সার দেয়া হবে। এদের মধ্যে পাট চাষি রয়েছে ৪৫০ জন, আউশ ২৫০০, তিল ১৮০ এবং মুগ চাষি রয়েছেন ১৫০ জন। প্রত্যেক চাষি বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদ বলেন- কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিবিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন খরচ কমানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সহায়তার সঠিক ব্যবহারের ওপর জোর দেয়ার কথা বলেন।