মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার ৩ নম্বর দীঘা ইউনিয়নের কুমরুল বটতলা বাজার সংলগ্ন ‘মীম ব্রিকস’ নামক অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
রোববার (২৯ মার্চ) দুপুর ১টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভাটরা ও কুমরুল গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ তফসির উদ্দিন, আহম্মেদ চৌধুরী, ইটভাটার জমির মালিক এনামুল খায়রুল শিকদার, মোঃ মারুফ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন-ইটভাটার কালো ধোঁয়া ও পরিবেশ দূষণের কারণে আশপাশের বসতবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। কৃষিজমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া স্থানীয়রা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়।
উল্লেখ্য, ইটভাটার মালিক নাগড়া গ্রামের বাসিন্দা আওয়াল মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লা।