নিজস্ব প্রতিবেদক : আসন্ন যশোর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী মনোনিত হয়েছেন নূই-ই-আলী নূর-মামুন। তিনি বর্তমানে জামায়াতের ইসলামী যশোর জেলা শাখার দফতর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।
নূর-ই-আলী নূর-মামুন তুলনামূলক রাজনৈতিক তত্ত্বের সমালোচক ও একজন সমাজকর্মী। যশোর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে তিনি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আধুনিক নগর উন্নয়নে স্মার্ট, সবুজ, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ধারণার ভিত্তিতে কাজ করতে চান। এ কাজে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
নূর-ই-আলী নূর-মামুন ১৯৭০ সালে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পূর্ব বারান্দিপাড়া বটতলায় নিজস্ব বাড়িতে এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব বারান্দি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়ন শেষে যশোর জিলা স্কুল থেকে ১৯৮৪ সালে প্রথম শ্রেণীতে এসএসসি পাস করেন। ১৯৮৬ সালে যশোর এমএম কলেজ থেকে প্রথম শ্রেণীতে আইএসসি পাস করে ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তার পিতা একজন বীরমুক্তিযোদ্ধা ও সংগঠক এবং বামধারার রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। নুর-ই-আলী নুর-মামুন ছাত্রজীবনে বাম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদলের (হক গ্রুপ) কর্মী হিসেবে রাজনীতিতে অভিষিক্ত হন। ক্রমান্বয়ে তিনি দীর্ঘ অধ্যয়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন এবং বর্তমানে যশোর জেলা জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।