নিজস্ব প্রতিবেদক : চৌগাছা উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবন করে মমিনুর (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মমিনুর চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের ফিরোজের ছেলে এবং যাত্রাপুর মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে মমিনুর। পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে ফিরোজা বেগম (৬০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১ এপ্রিল) সকাল ৬টায় নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। মৃত ফিরোজা বেগম একই গ্রামের শাহাদাত শিকদারের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় তাকে রান্নাঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।