ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমশের আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার সাবেকবিন্নি গ্রামে। তিনি ঝিনাইদহ শহরতলীর মুরারীদহ গ্রামে ছেলের বাড়িতে থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আরাপপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি কলাবোঝাই ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।