Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাংলা বর্ষবরণে ব্যস্ততা যশোরের সাংস্কৃতিক সংগঠনে

এখন সময়: শনিবার, ৪ এপ্রিল , ২০২৬, ১২:২৫:৪৫ এম

নিজস্ব প্রতিবেদক: সাংস্কৃতিক রাজধানী খ্যাত এবং মঙ্গল শোভাযাত্রার আঁতুড়ঘর জেলা শহর যশোরে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে চলছে ব্যাপক প্রস্তুতি। সংগঠনগুলো এখন নেতাকর্মী, শিল্পী, শিক্ষার্থী, অনুরাগী আর শুভানুধ্যায়ীদের পদচারণায় মুখরিত। করোনা কাল, রাজনৈতিক অস্থিতিশীলতাসহ নানা প্রতিকূলতা শেষে আবারো জেগে উঠেছে সকলে। রঙ তুলির আঁচড়ে পহেলা বৈশাখের প্রস্তুতিতে ফুটে উঠছে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন অনুসঙ্গ। আর এসব অনুসঙ্গের কর্মযজ্ঞ সামলাচ্ছে যশোরের আঁকিয়েদের সংগঠন চারুপীঠ। পৌর উদ্যান সংলগ্ন সংগঠন কার্যালয়ে নিরবে নিস্তব্দে শিল্পীরা কেউ মুখোশ তৈরি করছে, কেউ বাঁশ আর কাগজ দিয়ে তৈরি করছেন টিয়া, প্যাঁচা, ফুলসহ নানা রঙের মুখোশ। গভীর মনোযোগে কেউ বা জলরঙে ছবি আঁকছেন, কেউবা নকশা করছেন কাগজে। নানা আকৃতি ও ধরনের মুখোশে দেয়া হচ্ছে রঙ তুলির পরশ। এছাড়াও সাংস্কৃতিক সংগঠন গুলোর মাঝে ব্যস্ত হয়ে পড়ছেন নাচ, গান, নাটকের প্রস্তুতি নিয়ে। এই শহরে ৩০ টারও অধিক সংগঠনের বর্ষবরণের আয়োজন থাকবে। ঘরোয়া অনুষ্ঠানের বাইরেও অন্তত ১৫ টি স্থানে সকাল বিকাল বর্ষবরণে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। তাই আয়োজন সফল করতে মহাব্যস্ত সকলে। সংগঠনগুলো নিজস্ব বাহারি রংয়ের এবং আলপনাখোচিত শাড়ি ও পাঞ্জাবি তৈরীর পাশাপাশি নান্দনিক আমন্ত্রণপত্র বিলি বন্টনেও ব্যস্ত। সুরবিতান সংগীত একাডেমী, উদীচী, পুনশ্চ, সুরধুনী, নৃত্য বিতান, সাহিত্য পরিষদ, বিবর্তন, ব্যাঞ্জন যশোর, শিল্পাঙ্গন, তির্যক , চাঁদের হাট, উৎকর্ষ, স্পন্দন, সপ্তসুর, ভৈরব যশোরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে চলছে গান, নাচ, নাটক, আবৃত্তি, তবলা লহরী ও গীতিনাট্যের মহড়া। এর পাশাপাশি শিল্পকলা একাডেমী এবং শিশু একাডেমীতেও চলছে প্রস্তুতি পর্ব। রোজার মধ্যে বর্ষবরণের প্রস্তুতি শুরু হলেও ঈদুল ফিতরের পরে জোরালোভাবেই চলছে কার্যক্রম। বরাবরের মতো সকাল সাড়ে আটটায় কালেক্টরেট ভবন চত্বর থেকে জেলা প্রশাসনের সহযোগিতার বের হবে বৈশাখী শোভাযাত্রা। সংগঠনগুলো নিজনিজ আয়োজনের মাঝে সম্মিলিত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। উদীচী যশোর পৌর উদ্যানে বর্ষবরণের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবার দুই দিনব্যাপী অর্থাৎ বর্ষ বিদায় এবং বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন এর প্রস্তুতি গ্রহণ করেছে। তিন শতাধিক শিক্ষার্থী শিল্পী সকলে রোজার মধ্য থেকে প্রস্তুতি শুরু করেছে। অপরদিকে পুনশ্চ যশোর বরাবরের মতোই বর্ষ বিদায় অনুষ্ঠান টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এবং বর্ষবরণ মুসলিম একাডেমী প্রাঙ্গণে সকাল এবং বিকাল দুই বেলা। তিন শতাধিক শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি এখন জোর কদমে। সুরবিতান সংগীত একাডেমি বর্ষবরণের প্রথম প্রভাতে টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠান করবে। এছাড়াও সংগঠন কার্যালয়ে থাকবে মিষ্টিমুখের আয়োজন। ঈদের পরপরই শুরু হয়েছে রিহার্সেল। সুরধনী ও বিবর্তনের যৌথ আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান নব কিশলয় মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়াও কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের আয়োজন কার্যালয় প্রাঙ্গণে। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু জানান, প্রত্যেকটা সংগঠন গতবার যেখানে প্রোগ্রাম করেছিল এবারও সেখানে আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি বলেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অনুষ্ঠান আয়োজনে অনুমতির জন্য আবেদন করা হয়েছে। সাংস্কৃতিক জন হারুন অর রশিদ জানান বরাবরের মতো এবারও যশোরবাসী মেতে উঠবে বর্ষবরণ উৎসবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)