নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগান মাঠ গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- বাগান মাঠ গ্রামের মৃত জমশেদ সরকারের ছেলে রফিকুল সরকার (৫৪) ও একই গ্রামের মৃত আবু সামার ছেলে নুর আলম (৩৫)। সম্পর্কে তারা মামা ভাগ্নে।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন- রফিকুল সরকার দুপুরে বাগান মাঠ এলাকায় নিজের ধানের জমিতে কীটনাশক ছিটাতে যাচ্ছিলেন। এ সময় মাঠের মধ্যে একটি মোটরের বিদ্যুতের তার নিচু হয়ে ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তার তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের জমিতে কাজ করা তার ভাগ্নে নুর আলম ঘটনাটি দেখে দৌড়ে এসে মামাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুতের তারে স্পর্শ করলে দুজনই ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ভৈবরা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আনোয়ার হোসেন জানান, আমাদের কাছ থেকে পানির পাম্পের লাইন দেয়া ছিলো। কিন্তু তারা আমাদের পানির পাম্পের লাইন থেকে মাছের হেচারীতে চোরাই ভাবে লাইন টেনেছে। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জন মারা গেছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত মোটরের লিকেজ বিদ্যুতের তারে স্পর্শ করায় মামা ভাগ্নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।