Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

২৭ এপ্রিল যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এখন সময়: বুধবার, ৮ এপ্রিল , ২০২৬, ১২:২৮:৫১ এম

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| সোমবার (৬ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত| তিনি লেখেন-‘সুসংবাদ!! মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন| (সম্ভাব্য তারিখ-২৭ এপ্রিল ২০২৬ ইং) ত্রয়োদশ নির্বাচনের পর এটিই হবে তার প্রথম যশোর সফর|’
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে| প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভার প্রস্তুতি নেয়া হচ্ছে| সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত যশোর ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন|
এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, প্রধানমন্ত্রী যশোর আসবেন এটি নিশ্চিত হয়েছে| সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে| তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উলশী খাল ও ৫০০ শয্যার হাসপাতালের উদ্বোধন করবেন| এরপর বিকেলে ঈদগাহ ময়দানে সমাবেশে অংশ নেবেন|
প্রসঙ্গত, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১৫ বছরে এখনও হাসপাতাল কার্যক্রম শুরু হয়নি| বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য ৪ কিলোমিটার দূরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যেতে হয়| সাতক্ষীরা ও কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও যশোরে না হওয়ায় ক্ষোভ ছিল স্থানীয়দের| প্রধানমন্ত্রী তারেক রহমান ৫০০ শয্যার এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, যা এই অঞ্চলের চিকিৎসাসেবায় এক নতুন দিগন্তের সূচনা করবে|
প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন| এরই অংশ হিসেবে তিনি শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন| ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’বা ‘জিয়া খাল’নামে পরিচিত| দীর্ঘদিন সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনঃখননের মাধ্যমে কৃষি ও পানি ব্যবস্থাপনায় প্রাণ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)