নিজস্ব প্রতিবেদক : নড়াইল জেলার এক স্বামী পরিত্যক্তা নারী খালেদা খানমকে বিয়ে ও তালাকের নামে প্রতারণা, জিম্মি করে অর্থ ও স্বর্ণালংকার আদায়ের অভিযোগ উঠেছে যশোরের এক পরিবহন ব্যবসায়ীসহ তিনজনের বিরুদ্ধে| এ ঘটনায় ভুক্তভোগী যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন|
ভুক্তভোগী খালেদা খানম জানান, কিছুদিন আগে যশোরে ঘুরতে এসে পরিবহন ব্যবসায়ী ইসমাইল ভূঁইয়ার সঙ্গে তার পরিচয় হয়| ইসমাইল নিজেকে স্ত্রী থেকে আলাদা বলে পরিচয় দিলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে| পরে চলতি বছরের ১৫ জানুয়ারি ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়|
বিয়ের পর ইসমাইল মাঝে মধ্যে নড়াইলে তার কাছে যেতেন এবং তিনিও যশোরে এসে স্বামীর সঙ্গে সময় কাটাতেন| সর্বশেষ পবিত্র ঈদুল ফিতরেও তারা একসঙ্গে বিনোদিয়া পার্কে ঘুরতে যান| তবে এর কিছুদিন পর থেকেই ইসমাইল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং খারাপ আচরণ শুরু করেন|
খালেদা আরও জানান, গত ২৯ মার্চ বিকেলে ইসমাইল তাকে যশোরের বকচরে আসতে বলেন| সেখানে গিয়ে তিনি আর ইসমাইলের কোনো খোঁজ পাননি| পরে স্থানীয় মহুরি কামরুল নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়| তিনি বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফকে ডেকে আনেন|
অভিযোগে বলা হয়, আব্দুর রউফ তাকে ইসমাইলের বাড়িতে তুলে দেয়ার প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন| অসহায় অবস্থায় খালেদা তাতে সম্মতি দিলে তারা তার কাছ থেকে কাবিননামা নিয়ে নেয় এবং নগদ ৬ হাজার টাকা ও একটি সোনার আংটি হাতিয়ে নেয়|
এরপর তাকে দুই দিন কামরুলের বাড়িতে আটকে রেখে ইসমাইলের সঙ্গে যোগসাজশে জিম্মি করে রাখা হয়| এ সময় জোরপূর্বক একাধিক কাগজে স্বাক্ষর নেয়া হয় বলে অভিযোগ করেন তিনি| পরে হুমকি দিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়|
পরে খালেদা জানতে পারেন, ইসমাইল তাকে তালাক দিয়েছেন| এমনকি ৫ লাখ টাকার দেনমোহরের পরিবর্তে মাত্র ৫ হাজার টাকা উল্লেখ করে কাবিননামা ও তালাকনামা ডাকযোগে নড়াইলে পাঠানো হয়েছে|
এ ঘটনায় বিচার চেয়ে গত ১ এপ্রিল তিনি যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন| এছাড়া বিষয়টি নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের কাছেও গিয়েছিলেন বলে জানান তিনি|
তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করে খালেদা খানম সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন| তিনি যুবদল নেতা আব্দুর রউফ, মহুরি কামরুল এবং ইসমাইল ভূঁইয়ার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন|