জীবননগর প্রতিনিধি: জীবননগরে পাম্পে কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়া দুই চালককে জরিমানা করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাম্পে তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ জন ব্যক্তিকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন- তেল সরবরাহ নিশ্চিত করতে তিনি জীবননগরে দায়িত্ব পালন করছেন। নিয়মিত তদারকির অংশ হিসেবে তিনি হাসাদাহ বাজারে অবস্থিত মেসার্স মাওলা ট্রেডার্সে যান। এসময় মাওলা ট্রেডার্সে কৃষকদের মাঝে সঠিক ভাবে তেল বন্টন করার জন্য সরকারি কর্মকর্তা হিসেবে অতিরিক্ত ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন হাসাদাহ ইউনিয়ন সহকারী কর্মকর্তা ভুমি আশরাফুল আলম । পরে নির্বাহী কর্মকর্তা বিভিন্ন তেল পাম্প ও এজেন্সি পয়েন্ট পরিদর্শন করেন।