মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে শিউলী পারভীন (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার সকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিউলী পারভীন ওই গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য তবিবার রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তবিবার রহমান ও তার স্ত্রী শিউলী পারভীনের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। পরদিন সোমবার সকালে শিউলী পারভীন বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। নিহতের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।