জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তামাকের খড়ি গোছানোর সময় এ দুর্ঘটনা ঘটে। রাসেল জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে বাসিন্দা মৃত রেজাউলের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর সময় হঠাৎ বজ্রপাত হলে রাসেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিসা আনজুম হিমু বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রাসেল নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। এদিকে একই সময়ে দর্শনা পার কৃষ্ণপুর গ্রামের আজিমউদ্দিন (১৪) নামের এক নবম শ্রেণির এক ছাত্র মাঠে কাজ করছিল সে সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে নিহতের পরিবার ও প্রতিবেশীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।