মাগুরা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে মাগুরা জেলা স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬। প্রথমবারের মতো মাগুরায় জাতীয় পর্যায়ের এই ক্রিকেট আসরকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক মো: আলী আহমেদ। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো: আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবদুল কাদের বলেন- “মাগুরা জেলা ক্রীড়া সংস্থা তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিকাশে বিসিবির এই উদ্যোগকে স্বাগত জানায়। আমরা চাই খেলোয়াড়রা তাদের সেরাটা দিয়ে খেলুক এবং মাগুরার আতিথেয়তা উপভোগ করুক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত, বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টায় খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ উত্তর অনূর্ধ্ব-১৪ দলের মধ্যে প্রথম দিনের খেলা শুরু হয়। ম্যাচে খুলনা বিভাগ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। টুর্নামেন্টের নির্বাচক হিসেবে উপস্থিত রয়েছেন বিসিবির সিনিয়র কোচ দিপু রায় চৌধুরী।