Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে, রয়েছে ট্রাক সংকটও

এখন সময়: সোমবার, ২০ এপ্রিল , ২০২৬, ১১:৪৪:০৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল বন্দরের বাণিজ্যে। দেশের অভ্যন্তরের পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সোমবার থেকে গন্তব্য অনুযায়ী ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে চট্টগ্রাম ও সিলেট রুটে। ভাড়া বাড়ার পাশাপাশি প্রয়োজনীয় ট্রাক পাওয়া যাচ্ছেনা। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দামও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল থেকে ঢাকায় আগে ট্রাক ভাড়া ছিল ২২ থেকে ২৩ হাজার টাকা। সরকার তেলের দাম বাড়িয়ে দেয়ায় সেই ভাড়া নেয়া হচ্ছে ৩০ থেকে ৩২ হাজার টাকা। চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে গুনতে হতো ৩০-৩৫ হাজার টাকা ভাড়া। এখন সেখানে গুনতে হচ্ছে ৪০-৪৪ হাজার টাকা পর্যন্ত। এতে করে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন, একারণে উৎপাদিত পণ্যর দাম বেড়ে যাবে।
ট্রাকভর্তি পণ্য নিয়ে বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছিলেন চালক ওয়াকার বিশ^াস। তিনি বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে ট্রাক ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা। এ অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা পথে বসবে। অপর চালক রইস উদ্দিন বলেন, ‘এক গাড়ি চাল নিয়ে যাচ্ছি। আগের চেয়ে ৮ হাজার টাকা ভাড়া বেশি গুনতে হচ্ছে। মালিকের এই টাকা উঠাতে পণ্যের ওপর প্রভাব পড়বে।’
ট্রাকভাড়া বাড়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তেলে মূল্য বৃদ্ধির কারণে সব পণ্যের দাম বেড়ে যাবে। তখন আমাদের মতো গরিব মানুষদের বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়বে।
বেনাপোল ট্র্যান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি বলেন- ‘ভাই দেশে ডিজেল, পেট্রোল-অকটেনের দাম বেড়েছে। আবার পাম্পে চাহিদার অর্ধেক তেল পাওয়া যাচ্ছে। এতেই সমস্যা তৈরি হচ্ছে। তেলের দাম বাড়লেতো ট্রাক ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক।
বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, দেশের সব চেয়ে বড় স্থলবন্দর হলো বেনাপোল। প্রতিদিন এই বন্দর দিয়ে সাড়ে ৩শ’ থেকে ৪শ’ ট্রাক পণ্য আমদানি ও আড়াই থেকে ৩শ’ ট্রাক পণ্য রফতানি হয়ে থাকে। তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাক ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা। আবার প্রয়োজনীয় ট্রাকও পাওয়া যাচ্ছেনা। বন্দরে ট্রাক সংকট দেখা দিয়েছে। এতে করে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে। তারা বলেছেন, ট্রাক ভাড়া বাড়ার কারণে তাদের পণ্যের দামও বাড়াতে হবে। যার প্রভাব ভোক্তার ওপর গিয়ে পড়বে।
এব্যাপারে যশোর চেম্বার অব কামর্সের যুগ্ম সম্পাদক ও আমদানিকারক এজাজ উদ্দিন টিপু জানান, বাজারে তেলের কোন সংকট নেই। কিছু অসাধু মানুষ তেলের মজুদ করেছে। যে কারণে সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। সরকার ১৫-২০ টাকা লিটারে তেলের দাম বাড়িয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে ট্রাক ভাড়া বাড়িয়েছেন মালিকরা। এতে করে সব জিনিসের দাম বেড়ে যাবে। যার প্রভাব পড়বে ভোক্তার ওপর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)