জসিম উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার পশ্চিম রাজগঞ্জ অঞ্চলে সন্ত্রাস ও মাদকসহ সকল অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে রাজগঞ্জ মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
তিনি বলেন-মাদক ও অপরাধী চক্রের সাথে কোনো আপোষ করা হবে না। পাশাপাশি মাদক নির্মূলে স্থানীয় জনগণ ও সুধী সমাজকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আরও আশ্বাস দেন, একটি শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন সর্বদা জনগণের পাশে থাকবে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, অ্যাডভোকেট এম এ আব্দুল গফুর, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, বিএনপির সহসভাপতি গাজী মোতালেব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার কবিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর কামাল হোসেন।