ফরহাদ খান, নড়াইল : হাম-রুবেলা টিকাদানের প্রথমদিনে নড়াইলে ব্যাপক সাড়া পড়েছে। সোমবার (২০ এপ্রিল) উদ্বোধনী দিনে এ জেলায় ৬ হাজার ৮২৩ শিশুকে টিকা দেয়া হয়েছে। এদিকে, নড়াইলে ৭৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রথমদিন যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল; তার চেয়ে ভালো সাড়া পেয়েছি। অভিভাবকরা তাদের শিশু সন্তানদের স্বতঃস্ফূর্ত ভাবে টিকা দিচ্ছেন। হাম-রুবেলা প্রতিরোধে এটা পজিটিভ (ইতিবাচক)।
‘সব শিশুকে টিকা দিবো হাম-রুবেলা রোধ করবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার জেলা হাসপাতালে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. আব্দুল গাফফার, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পীসহ অনেকে।
এ ক্যাম্পেইনের মাধ্যমে নড়াইল জেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ৭৭ হাজার শিশুকে ৯৬৬টি কেন্দ্রের মাধ্যমে হাম-রুবেলা টিকা দেয়া হবে। উদ্বোধনী দিন থেকে ১১ কার্যদিবসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলা হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।