নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের বারান্দীপাড়া বটতলায় ফয়সাল হাসান প্রান্ত (২৪) নামে এক যুবক ছুরিকাহত হয়েছেন। চোখে টর্চের আলো ফেলা নিয়ে তর্কবিতর্কের জেরে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত প্রান্ত বারান্দীপাড়া বটতলার ফজলুর রহমানের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।
আহতের স্বজনরা জানান, রাত সোয়া ১২ টার দিকে প্রান্ত নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় টর্চের আলো চোখে ফেলা নিয়ে মোল্যাপাড়ার সিরাজুলের ছেলে জিতুর সাথে তর্কবিতর্ক হয়। এসময় জিতু ক্ষুব্ধ হয়ে প্রান্তর বুকের ডান পাশ ও পিঠে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, প্রান্তর বুকের আঘাতটি গুরুতর। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সার্জারী ওয়ার্ডের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।