ফরহাদ খান, নড়াইল : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে বিএনপির পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে। এক্ষেত্রে জামায়াতে ইসলামীর পুরো প্যানেল পরাজিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১১৩৭ জন ভোটারের মধ্যে ৮৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
২০২৬-২০২৮ মেয়াদে ভাইস-চেয়ারম্যান (সহসভাপতি) নির্বাচিত হয়েছেন-জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এম জাহিদুর রহমান মিলন। তিনি পেয়েছেন ৫৩৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন বিশ^াস পেয়েছেন ২৬৫ ভোট।
এদিকে, সেক্রেটারি (সাধারণ সম্পাদক) পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে এসএম মাহবুব মুর্শেদ জাপল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন পেয়েছেন ২১৯ ভোট।
এছাড়া সদস্য পদে, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান (৫১৮ ভোট), সদর উপজেলা মহিলা দলের সভাপতি মধুমিতা সুলতানা (৫১২ ভোট), নড়াইল পৌর বিএনপির সহসভাপতি খন্দকার কিয়ামুল হাসান কিয়াম (৪৮১ ভোট), তানজির হোসেন (৪৩৭ ভোট) এবং আহসান হাবীব মোল্যা (৩৬৯ ভোট) বিজয়ী হয়েছেন।
স্বাধীনতার পর এই প্রথম ভোটের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হলো। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সরাসরি ব্যালট পেপারে ভোট হয়নি। মতামতের ভিত্তিতে কমিটি গঠন হয়েছে।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন-আব্দুল হাই ডিগ্রি কলেজের (সিটি কলেজ) অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক। সচিব ছিলেন-গৌর চন্দ্র বিশ^াস।