Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় চোরের উৎপাতে গ্রামবাসীর মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৬:২৭:৪১ পিএম

ফরহাদ খান ও মাহফুজুল ইসলাম মুন্নু, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাশিপুর গ্রামে চোরের উৎপাত বেড়ে যাওয়ায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী। কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের প্রবেশদ্বারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন-কাশিপুর গ্রামের সাদ্দাম হোসেন, কাজী তরিকুল ইসলাম, আব্দুল কাদের, আসমাউল হুসাইন, আয়ূব মোল্যা, নয়ন হোসেন, জাকারিয়া, তরিকুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল শালনগর ইউনিয়নের কাশিপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আইপিএস ও ব্যাটারি চুরি হয়েছে। মসজিদ ছাড়াও একাধিক বসতবাড়ি থেকে গরু, ছাগল, স্বর্ণালংকার, মোটর, বৈদ্যুতিক তার, সাইকেল, মোবাইল ফোন, ব্যাটারিসহ প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র দেদারসে চুরি হচ্ছে। গত ছয় মাসে অন্তত ২০টি বাড়িতে চুরি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। গ্রামবাসীর অভিযোগ, চুরির প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিকট ধর্ণা দিয়েছেন তারা। তবে, চুরি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি জনপ্রতিনিধিরা। সঙ্গতকারণে চোরের বিরুদ্ধে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন গ্রামবাসী। এদিকে, মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সারের নিকট স্মারকলিপি পেশ করেন ভুক্তভোগী গ্রামবাসী। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, এলাকায় মাদকের উপদ্রব বেড়ে যাওয়ায় মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে চুরির ঘটনা বেড়ে গেছে বলে আমাদের ধারণা। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, মসজিদে চুরির ঘটনায় সাদ্দাম হোসেন নামে একব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)