Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জামিনে মুক্তির পর জেলগেট থেকে পুনরায় গ্রেফতার আ.লীগ নেত্রী

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০১:১৭:২৫ পিএম

মাগুরা প্রতিনিধি : হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েও শেষ রক্ষা হলো না মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানার। কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৮ মে) সকাল ১০ টার সময় মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আকস্মিক এ পুনরায় গ্রেফতারকে ঘিরে জেলগেট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কাজী সোনিয়া সুলতানা হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মৃত জামিল হোসেনের মেয়ে। তিনি মাগুরা জেলা মহিলা আ. লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। জানা গেছে, মাগুরা সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি কারাগারে আটক ছিলেন।
ওই মামলায় বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। শুক্রবার সকালে মুক্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কারাগার থেকে বের হওয়ার মুহূর্তেই আগে থেকে অবস্থান নেয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আবারও আটক করে নিয়ে যায়। পুনরায় আটকের ঘটনায় তাৎক্ষণিকভাবে নতুন কোনো মামলার তথ্য প্রকাশ না করায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ মার্চ শহরের জামরুলতলা এলাকায় মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কাজী সোনিয়া সুলতানা। ওই ঘটনার পরদিন জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। হাইকোর্টের জামিনের পরপরই জেলগেট থেকে পুনরায় গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)