শরণখোলা ( বাগেরহাট) প্রতিনিধি: বনরক্ষীদের উপর হামলা করে কুপিয়ে হরিণ শিকারীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৩ মে বুধবার দুপুরে শরণখোলা থানায় মামলা দায়ের করেছে বনরক্ষীরা। এর আগে ১২ মে মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল জাবের এর নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (১২ মে) বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহল কালে বনের মধ্যে হরিণ শিকারী দেখতে পায়। বনরক্ষীদের দেখে শিকারীরা ঘটনাস্থলের অদূরে থাকা তাদের ট্রলারে উঠে দ্রুত লোকালয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাদের পিছু ধাওয়া করে। শিকারীরা লোকালয়ের কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা ওই এলাকার চিহ্নিত হরিণ শিকারী কুদ্দুস রাজাকে (৩০) কে আটক করতে সক্ষম হয়। আটক শিকারীকে নিয়ে আসার সময় আটক শিকারী চক্রের সদস্যরা অন্যান্য লোকজনের সহযোগিতায় ও কুদ্দুস নিজে ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের উপর হামলা করে। এক পর্যায়ে চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল জাবের ও বন বিভাগের নৌকাচালক অপূর্ব কুমার সাহাকে কুপিয়ে আহত করে শিকারী কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরে মঙ্গলবার রাতে আহত দুই বনরক্ষীকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন, বনরক্ষীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা বনবিভাগের পক্ষ থেকে বাদী হয়ে দায়ের করা হয়েছে।